সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম
স্বর্ণের বার
expand
স্বর্ণের বার

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতে করে বিনিয়োগকারীদের অবস্থান বদলাতে শুরু করেছে। ফলে আবারও স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে।

সোমবার (২০ এপ্রিল) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা যায়। বাজার বিশ্লেষণ অনুযায়ী, স্পট গোল্ডের দাম প্রায় ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৯৩.৯৮ ডলারে নেমে এসেছে, যা ১৩ এপ্রিলের পর সর্বনিম্ন। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারির গোল্ড ফিউচারস ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,৮১৩.৬০ ডলারে।

বিশ্লেষকেরা বলছেন, ডলারের মান শক্তিশালী হওয়াই এই দরপতনের অন্যতম কারণ। ডলার বাড়লে অন্যান্য মুদ্রার বিপরীতে স্বর্ণের দাম তুলনামূলক বেশি পড়ে, ফলে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা কমে যায়।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলাচল আবারও সীমিত হয়ে পড়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে। এতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ‘ওয়ার ট্রেড’ প্রবণতা ফিরে এসেছে। অর্থাৎ, সংঘাতকেন্দ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা এমন সম্পদে ঝুঁকছেন, যা স্বল্পমেয়াদে বেশি নিরাপদ বা লাভজনক বলে মনে হয়। ফলে স্বর্ণের পরিবর্তে ডলার ও বন্ডের দিকে আগ্রহ বাড়ছে।

এছাড়া মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধিও স্বর্ণবাজারে প্রভাব ফেলেছে। ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড প্রায় ০.৫ শতাংশ বেড়েছে। সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়।

রয়টার্সের তথ্যে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে নৌ চলাচলে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে, যা তাদের আরোপিত নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে অভিযোগ। এর জবাবে ইরান পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন