বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থক নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০২:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুমিল্লায় বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরের পর এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আর্জেন্টিনা দলের দুই সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুর মারধরের পর ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতের নাম শরিফুল ইসলাম (৩২)। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন শরিফুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, শরিফুল ইসলামকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালু। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup