মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে এসে হত্যা মামলার আসামি নিহত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৬, ১২:২০ পিএম
নিহত আব্দুল লতিফ ভূঁইয়া।
expand
নিহত আব্দুল লতিফ ভূঁইয়া।

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে হামলার শিকার হয়ে যুবলীগ নেতা হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল লতিফ ভূঁইয়া স্থানীয়ভাবে ‘মেরী আপা ফ্রেন্ডস ক্লাব’-এর সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। তিনি ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা জহিরুল ইসলাম জহির হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন। প্রায় পাঁচ মাস কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন তিনি।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজ বাড়ির পাশে প্রতিপক্ষের হামলার শিকার হন আব্দুল লতিফ। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, জামিনে এলাকায় ফিরে আব্দুল লতিফ ক্ষোভের বশবর্তী হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক এনপিবি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত আব্দুল লতিফকে পুলিশি নিরাপত্তায় প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর মাছ ধরা নিয়ে বিরোধের জেরে ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল লতিফ অন্যতম আসামি ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন