বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ট্রাক উল্টে খাদে, নিহত ৭

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ এএম আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।

হাইওয়ে পুলিশ জানায়, ভোর তিনটার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়।

ট্রাকটির ওপর থাকা ১৩ জন যাত্রী এতে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজন নিহত হন এবং আহত হন ছয়জন।

নিহতরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদ মিয়ার ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), মো. আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫)।

এছাড়া বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের মো. পলাশের ছেলে সুমন (২১), বিষু (৩৫), মাজহারুল ইসলামের ছেলে আবুল হোসেন (৩০) এবং রকিব উল্লার ছেলে আবদুর রশিদ (৫৫)।

ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন