

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আপস্টেট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামের একই পরিবারের বাবা ও ছেলে রয়েছেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক।
নিহতরা হলেন, মোহাম্মদ হিরামন (৬০) ও তাঁর বড় ছেলে নাজমুল এম রুবেল (৩০)। জানা গেছে, তাঁরা নিউইয়র্ক সিটি থেকে আলবানি যাওয়ার পথে ছিলেন। এ সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, হিরামনের ছোট ছেলে মোহাম্মদ নাজমুল হাসান অপুর বরাতে গ্রামের বাসিন্দারা জানান, দুর্ঘটনায় রুবেলের বন্ধু ফাহিম হালিমও নিহত হয়েছেন। অপর গাড়ির আরও একজন আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হিরামনের বড় মেয়ে ফাতেমা আক্তার রত্না (৩৬) এবং তাঁর চার বছর বয়সী মেয়ে ইকরা আয়াত। তাঁরা বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। বাংলাদেশ সময় ৭ এপ্রিল ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রবাসে একই পরিবারের দুই সদস্যের এমন করুণ মৃত্যুতে কড়ইবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে মোহাম্মদ হিরামন স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন।
এদিকে, নিহতদের জানাজা নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত বাইতুল আমান ইসলামিক সেন্টারে বুধবার (স্থানীয় সময়) জোহরের নামাজের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন