বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:৪২ পিএম
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
expand
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ’২৪-এর আন্দোলনের যে স্বপ্ন—সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নেই বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

বুধবার (১৮ মার্চ) কুমিল্লা নগরের টমছমব্রীজ এলাকায় একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়ন ও জনআকাঙ্ক্ষা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের কাজকে আরও গতিশীল করতে হবে এবং ভুল-ত্রুটি তুলে ধরতে হবে।

নিজের দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যতদিন দায়িত্বে রাখবেন, ততদিন সততা, নিষ্ঠা ও ঈমানদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। এ জন্য তিনি সবার দোয়া চান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান।

ইফতার মাহফিলে কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন