

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম। তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। এই গণজোয়ার ঠেকাতে নানা অপচেষ্টা চলছে, তবে জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।”
সোমবার বিকেলে লাকসাম পাইলট স্কুল মাঠে লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ কুমিল্লার বিএনপির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত লাকসাম–মনোহরগঞ্জ অঞ্চল বরাবরই বিএনপির শক্তিশালী ভোটব্যাংক হিসেবে পরিচিত। এ অঞ্চলের নির্বাচনী হিসাব-নিকাশ বরাবরই ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জনসভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ও সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম, ডাকসুর সাবেক সদস্য ও বিএনপি নেতা রশিদ আহমেদ হোসাইনী এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সহসভাপতি ডা. নুর উল্লাহ রায়হান, বিএনপি নেতা মোবারক উল্লাহ মজুমদার, বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, তাহমিদা চৈতী, সাবেক ছাত্রনেতা ও ‘আজকের জীবন’ সম্পাদক সফিকুর রহমান সফিক, বিসিবি পরিচালক ইয়াসির আহমেদ ফয়সাল আশিকসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জনসভায় বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি আজ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। ধানের শীষ বিজয়ী হলে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুন:প্রতিষ্ঠিত হবে।
সমাবেশ শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও নির্বাচনী উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন