

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রা যদি রুদ্ধ করা হয়, তবে তা জুলাই যোদ্ধাদের প্রতি চরম অবিচারের শামিল হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে লাকসাম পৌরসভা বিএনপির আয়োজনে পৌরশহরের প্রাণকেন্দ্র লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমদ।
হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
কিন্তু যে রাজনৈতিক দল টানা ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে, সেই দলকে ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে দমন করা যাবে না। গণতন্ত্রবিরোধী সব অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি একটি দায়িত্বশীল ও ধৈর্যশীল রাজনৈতিক দল হিসেবে কঠিন সময়েও জনগণের পাশে থেকেছে।
জনগণের রায়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে রাষ্ট্রের প্রতিটি খাতে সংস্কার ও উন্নয়নের পাশাপাশি গুম, খুন ও নির্যাতনের মতো সব অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে। জনগণের প্রতি দায়বদ্ধ, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ এখন সামনে এসেছে -এই অর্জন কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া যাবে না।
প্রধান অতিথি আরও বলেন, বিগত ১৬ বছরে যারা গুম-খুনের শিকার হয়েছেন, নির্যাতনের ফলে পঙ্গুত্ববরণ করেছেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন- তাদের প্রত্যেকটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে হলে দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য।
সভা শেষে প্রধান অতিথি কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী আবুল কালামের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের বিএনপি জোট মনোনীত প্রার্থী আবুল কালাম।
আরও বক্তব্য দেন বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, আলহাজ্ব মজির আহমদ, কাজী মনিরুজ্জামান, ফারুক হাছান, ড. রশিদ আহমদ হোসাইনি, আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী, এম কফিল উদ্দিন, সরওয়ার জাহান দোলন, রাফসানুল ইসলাম, ডা. নুর উল্লাহ রায়হান, আব্দুর রহমান বাদল, গোলাম ফারুক, মোশারফ হোসেন, মো. শাহ আলম, ইমরুল আনোয়ার লিটনসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
মন্তব্য করুন
