

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ত্বহা (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ির পুরাতন স্লুইসগেট এলাকার চেঙ্গরবিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ত্বহা উপজেলার ভুজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমপুর টিলাপাড়া এলাকার বাসিন্দা কোরবান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোরবান আলী নিজস্ব ট্রাক্টর নিয়ে বিলে জমি চাষ করতে যান। এ সময় শিশুপুত্র ত্বহাও বাবার সঙ্গে ট্রাক্টরে ছিল। জমি চাষ করার একপর্যায়ে বাবার অগোচরে ত্বহা হঠাৎ ট্রাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সে ট্রাক্টরের চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য এস এম মুসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাবার সঙ্গে শিশুটি বিলে জমি চাষ দেখতে গিয়েছিল। ট্রাক্টর থেকে হঠাৎ নিচে পড়ে গিয়ে এই করুণ দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, "সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে। পরবর্তী সময়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

