মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ব্যাংকের এটিএম বুথে অর্থ আত্মসাৎ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
expand
নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম/কালেকশন বুথ থেকে অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. আইয়ুব আলী (৫৬)কে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে লুট হওয়া অর্থের মধ্যে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার সকালে সীতাকুণ্ড মডেল থানায় এনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৩টার দিকে কুমিরাস্থ আইআইইউসি ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এটিএম/কালেকশন বুথ থেকে নকল চাবি ব্যবহার করে প্রায় ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যান দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী আইয়ুব আলী। তিনি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা এলাকার বাসিন্দা এবং প্রায় দেড় বছর ধরে চকবাজার শাখার অধীনে ওই বুথে কর্মরত ছিলেন।

ঘটনার পর ইসলামী ব্যাংকের চকবাজার শাখার কর্মকর্তা মোহাম্মদ মুঈনুল ইসলাম বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট অর্থের একটি অংশ তিনি বিভিন্ন কেনাকাটায় ব্যয় করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup