রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ, পরকীয়ার সন্দেহে জিডি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৬ পিএম
মতলব দক্ষিণে প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ
expand
মতলব দক্ষিণে প্রবাসীর স্ত্রী দুই সন্তানসহ নিখোঁজ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এলাকায় এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানকে নিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ নারী হলেন উত্তর পিংড়া গ্রামের মৃত খলিল মিয়াজীর ছেলে বোরহান উদ্দিন মিয়াজীর স্ত্রী জান্নাত বেগম (৩১)।

এ ঘটনায় প্রবাসীর মা আনোয়ারা বেগম শনিবার (২৮ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৩–১৪ বছর আগে একই উপজেলার উপাদী নেছার আড়ং বাজার এলাকার বাসিন্দা খোরশেদ বকাউলের মেয়ে জান্নাতের সঙ্গে বোরহানের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১২ বছরের কন্যা তানজিলা ও ৯ বছরের ছেলে তামিম রয়েছে। দীর্ঘ প্রায় দুই দশক ধরে তিনি বাহরাইন, কাতার ও বর্তমানে সৌদি আরবে কর্মরত।

স্বামীর সম্মতিতে প্রায় এক বছর আগে সন্তানদের মাদ্রাসায় পড়ানোর জন্য জান্নাত মতলব পৌরসভার ছাত্তার মাস্টার মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে সন্তানদের নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয়দের দাবি, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ওই বাসা থেকে আসবাবপত্রসহ দুই সন্তানকে নিয়ে তিনি চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের কেউ কেউ জানান, অজ্ঞাতনামা এক যুবককে প্রায়ই বাসায় আসা যাওয়া করতে দেখা যেত যা থেকে পরিবারের সন্দেহ, পরকীয়ার টানেই তিনি চলে গেছেন।

প্রবাসী বোরহান উদ্দিন মিয়াজী মুঠোফোনে বলেন, স্ত্রীকে আমি সবসময় বিশ্বাস করেছি। বাড়ি নির্মাণের জন্য তার অ্যাকাউন্টে ১৮–২০ লাখ টাকা পাঠিয়েছি। গহনারও হিসাব নেই। সে এমন করবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, ঘটনাটি নিখোঁজ সংক্রান্ত জিডি হিসেবে নথিভুক্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X