বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য অধিদপ্তরের অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
মৎস্য অধিদপ্তরের অভিযান
expand
মৎস্য অধিদপ্তরের অভিযান

দেশীয় মাছের প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ রিংজালের ক্রয়-বিক্রয় ও ব্যবহার বন্ধে জনসচেতনতামূলক অভিযান চালিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) বিকেলে জেলা শহরের জগত বাজার ও নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিষিদ্ধ রিংজাল বিক্রি ও মজুত থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অবৈধ জালের কারণে মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের সচেতন করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম। তিনি বলেন, রিংজালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন এবং নদী-খাল-বিলের প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলজ সম্পদ সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সংগঠনটির সদস্য খায়রুজ্জামান ইমরান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, কমরেড নজরুল ইসলাম, জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন