বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপতৎপরতায় লিপ্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলকে সক্রিয় করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের এ ধরনের তৎপরতা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, বিচারিক প্রক্রিয়া এবং সুস্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের শামিল। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাষ্ট্রবিরোধী, আইনবিরোধী কিংবা বিশ্ববিদ্যালয়সহ গোটা দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ডে সম্পৃক্ত হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শিক্ষকদের এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধানের সুস্পষ্ট লঙ্ঘন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ৫৬(৩), ১ম স্ট্যাটিউটস-এর ৪৫(৩) এবং অর্ডিন্যান্স ও রেগুলেশন চ্যাপ্টার ২০-এর বিধি ১৩ অনুযায়ী এসব কর্মকাণ্ড অশিক্ষকসুলভ ও নৈতিক স্খলনজনিত অপরাধ। বিধি ১৩(২) অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ ও চাকরি থেকে বরখাস্তের মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

রাষ্ট্রের সার্বভৌমত্ব, সংবিধান, আইন, বিচারিক সিদ্ধান্ত এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদার পরিপন্থি যেকোনো কর্মকাণ্ডের প্রতি ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

পরিচয় বা অবস্থান নির্বিশেষে আইন ও বিধি লঙ্ঘনকারী কেউই দায় এড়াতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল আচরণ এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন