বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ব্যাখ্যা দিল হোয়াটসঅ্যাপ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার জন্য ‘আন্ডার রিভিউ’ অবস্থায় রেখেছে। এ সময় সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সব ধরনের ফিচার সাময়িকভাবে বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ৮টা থেকে হঠাৎ করেই এই সমস্যা দেখা দেয়। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্টে ‘Account in review’ বার্তা প্রদর্শিত হয়।

বার্তায় বলা হয়, ব্যবহারকারীর অ্যাকাউন্টের কার্যক্রম ও ডিভাইসের তথ্য হোয়াটসঅ্যাপের ‘Terms of Service’ অনুযায়ী যাচাই করা হচ্ছে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যেই পর্যালোচনার ফল জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র বলেন, আমরা সবসময় আমাদের সেবার অপব্যবহার ঠেকাতে কাজ করছি এবং অন্যান্য ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্রয়োজনে অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিই। তবে কখনও কখনও ভুলবশত এমন সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করে ব্যবহারকারীদের আবার চ্যাটে ফিরিয়ে আনার চেষ্টা করি।

রিভিউ পেজে ব্যবহারকারীদের জন্য "How to use WhatsApp responsibly" এবং "About stolen phone and accounts" শিরোনামে সহায়তামূলক তথ্যও দেখানো হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে, কোনো কারণ বা সতর্কতা ছাড়াই তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

একজন ব্যবহারকারী লিখেছেন, কোনো ব্যাখ্যা ছাড়াই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপিল করেছি, কিন্তু শুধু দেখাচ্ছে ২৪ ঘণ্টার মধ্যে পর্যালোচনা করা হবে। জরুরি সহায়তা প্রয়োজন।

আরেক ব্যবহারকারী সালোনি লিখেছেন, আমি শুধু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করি। হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আমার কাজ পুরোপুরি হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। এটি একেবারেই অপ্রয়োজনীয় ছিল।

হোয়াটসঅ্যাপ এখনও জানায়নি ঠিক কতটি অ্যাকাউন্ট এই সমস্যায় আক্রান্ত হয়েছে বা এর পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা কাজ করেছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভুলবশত প্রভাবিত হওয়া অ্যাকাউন্টগুলো দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন