

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক রেখে সমাবেশে যোগদানে বাধা এবং হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (০৬ আগস্ট) দিন নির্ধারণ করা হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট গভীর রাতে রাজধানীর ভাটারা থানার একটি বাসা থেকে সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার তাকে আদালতে হাজির করে ডিবির গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত ১৭ নম্বর আসামি হিসেবে জগলুল পাশাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার রিমান্ড প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ থেকে ৩০০ জন ব্যক্তি অস্ত্রসহ খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।