

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেলও জব্দ করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১১ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীন আলীনগর বিওপির সদস্যরা উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকার একটি জঙ্গলে ওত পেতে অবস্থান নেয় টহলদল। এ সময় ভারত থেকে দুটি বাইসাইকেলে করে ৭ থেকে ৮ জন ব্যক্তি চটের বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে চটের বস্তার ভেতরে কার্টনে কসটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেলও জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধার করা মোবাইল ফোনের ডিসপ্লে ও বাইসাইকেল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।