

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সভাস্থল এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম এ আদেশ জারি করেন।
জানা যায়, সম্প্রতি উপজেলার কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুছ পার্সেজার মারা যাওয়ায় শূন্য হওয়া পদে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন আলমকে সম্প্রতি সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তাকে সংবর্ধনা জানাতে কুটি ইউনিয়ন বিএনপি একাংশের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় কুটি বাজারের সোনালী ব্যাংক চত্বরে সংবর্ধনা অনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।
অপরদিকে , ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক সচিব আলহাজ্ব মুশফিকুর রহমানকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করায় স্থানীয় বিএনপির একাংশ একই দিনে এবং একই সময়ে একই স্থানে সংবর্ধনা ও আনন্দ শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচির নেতৃত্ব দেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল নেতা মো. উজ্জ্বল মিয়া, বিএনপি নেতা বেলায়েত হোসেন বিল্লাল ও জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আল-মামুন চৌধুরীসহ স্থানীয় নেতারা। একই স্থানে ও একই সময়ে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়।
পরে বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কসবা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. ছামিউল ইসলাম কুটি বাজার ও আশ-পাশ এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন। যা আজ বেলা দুই টা থেকে শুরু করে রাত ১২টা পযন্ত বলবৎ থাকবে।
কুটি ইউনিয়ন বিএনপির নবনিযুক্ত সভাপতি মো. শাহিন আলম বলেন, “উপজেলা বিএনপি আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে। প্রায় ১৫ দিন আগেই আমাদের সংবর্ধনা ও আনন্দ শোভাযাত্রার তারিখ ও স্থান নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আমাদের কর্মসূচি বানচাল করার উদ্দেশ্যে একই স্থানে তারা পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।”
অপরদিকে এ বিষয়ে কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বল মিয়া বলেন, “মুশফিকুর রহমান এমপিকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় স্থানীয় বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। তবে একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।”
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, “একই সময় ও একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশের ঘোষণায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, একই স্থানে দুই পক্ষের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। কসবা থানার ওসির প্রতিবেদনের ভিত্তিতে কুটি বাজার ও আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময়ে চার বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। প্রশাসন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি ।