মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম
মৃত ছাফামনি
expand

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছাফামনি নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ছাফামনি উপজেলার মেহারী ইউনিয়নের পুরকুইল গ্রামের আশরাফুল ইসলামের একমাত্র মেয়ে।

ছাফামনির মামা মিজানুর রহমান রুমেন জানান, গত সোমবার তার বাবা-মা, ভাইসহ পরিবারের বেশ কয়েকজন ওমরা হজ পালন করতে সৌদি আরব গেছেন। এ উপলক্ষে দুই বোনও তাদের সন্তানদের নিয়ে বেড়াতে আসে। আজ শুক্রবার দুপুরের দিকে তার বোন লিমা আক্তার তার একমাত্র মেয়ে ছাফামনিকে খাওয়ান। খাওয়া শেষ হলে ছাফার মা তাকে আমার ঘরে রেখে গিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলতে পাশের ঘরে যান। এ সময় ছাফামনি তার মায়ের পেছন পেছন চলে যায়। পাশের উঠানে বাড়ির মহিলারা বিভিন্ন কাজ করছিলেন। তার মা ছোট এক চাচাতো ভাইয়ের সঙ্গে ঘরের ভেতরে কথা বলছিলেন।

এ সময় সবার অজান্তে ভাগ্নি ছাফামনি পুকুরের ঘাটে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। অনেকক্ষণ ধরে তার সাড়াশব্দ না পেয়ে তার মা লিমা আক্তার বাড়ির সব ঘর ও আশপাশে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে পুকুরের ঘাট থেকে কিছু দূরে ভাসমান অবস্থায় ছাফামনিকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শিশু ছাফামনির নানা বাড়ি ও দাদা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরে বিকেলে ছাফামনিকে তার দাদার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং আসর নামাজের পর সেখানেই দাফন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank