শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় পানি প্রবাহ বন্ধ করে খালের ওপর রেস্ট্রুরেন্ট!

এইচ.এম.হাবিবুল্লাহ, ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
ভোলায় খাল দখল করে গড়ে তোলা হয়েছে রেস্ট্রুরেন্ট
expand
ভোলায় খাল দখল করে গড়ে তোলা হয়েছে রেস্ট্রুরেন্ট

সরকার যখন দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময় বিভিন্ন স্থানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও সামনে আসছে। একদিকে জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে খাল পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে; এমন সময়েই খাল দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে বেসরকারি সংস্থা ‘গ্রামীণ জন উন্নয়ন’–এর পরিচালকের বিরুদ্ধে।

ভোলার শহরস্থ যুগীরঘোল এলাকায় খালের মাঝখানে ‘ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্ট হাউস’ নামে রেস্ট্রুরেন্ট গড়ে তুলেছেন বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়নের পরিচালক জাকির হোসেন মহীন।

সরেজমিনে দেখা গেছে, ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পাশে ব্রিজের নিচে খাল দখল করে ‘ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্ট হাউস’ নামে রেস্ট্রুরেন্ট পরিচালনা করা হচ্ছে। গত দুই বছর ধরে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুগীরঘোল ব্রিজের নিচে খালের একটি বড় অংশ দখল করে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। দীর্ঘ দুই বছর ধরে এই অবৈধ দখলদারিত্ব চললেও স্থানীয় প্রশাসন এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদের কথা বলা হলেও বাস্তবে এক দপ্তর অন্য দপ্তরের ওপর দায় চাপিয়ে সময় পার করছে বলে জানান স্থানীয়রা। খালের জায়গা সংকীর্ণ হয়ে আসায় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং খালটি বর্তমানে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।

সরকার দেশব্যাপী খাল খনন ও জলপথ সচল করার জন্য বিশাল উদ্যোগ গ্রহণ করেছে। এমন পরিস্থিতিতে খালের জমি দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা সরকারের এই জনকল্যাণমূলক কাজে সরাসরি ব্যাঘাত ঘটানোর শামিল বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, খালের অস্তিত্ব রক্ষা করা এখন সময়ের দাবি।

‘ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্ট হাউস’ নামে রেস্ট্রুরেন্টটি তৈরিতে কোনো অনুমোদন নেয়া হয়েছে কি না জানতে চাইলে ভোলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া বলেন, এমন কোনো অনুমতি পরিবেশ অধিদপ্তর থেকে নেয়া হয়নি। এ বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান ‘গ্রামীণ জন উন্নয়ন’–এর নির্বাহী পরিচালক ও ‘ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্ট হাউস’ নামে রেস্ট্রুরেন্টটির মালিক জাকির হোসেন মহীনের সাথে এনপিবি নিউজ এর পক্ষ থেকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এদিকে সরকারি সম্পত্তি ও প্রাকৃতিক খাল রক্ষায় স্থানীয় জনগণ সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন। অবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালটিকে সচল করার জোর দাবি জানিয়েছেন ভোলার সাধারণ মানুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন