রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
চিত্রা হরিণ
expand
চিত্রা হরিণ

ভোলার লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। উদ্ধার করা হরিনটি বনবিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় হরিনটি দেখতে পেয়ে উৎসুক জনতা ধাওয়া করে। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর এলাকাবাসী হরিণটিকে অক্ষত অবস্থায় ধরে ফেলে। পরে স্থানীয়রা মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিজেদের হেফাজতে নিয়ে লালমোহন থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, হরিনটি জোয়ারের পানিতে ভেসে লোকালয়ে চলে আসে এবং এর আনুমানিক ওজন ৪০-৪৫ কেজির মতো হবে। হরিনটি পুরুষ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, "জনতা বাজার এলাকায় স্থানীয়রা হরিনটিকে ধরে বেধে রাখছিল। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমরা বন বিভাগের কাছে হরিনটি হস্তান্তর করেছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা সুমন চন্দ্র দাস বলেন, তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি সম্ভবত নদীতে নেমেছিল। এরপর জোয়ারের স্রোতে ভেসে লোকালয়ে চলে আসে হরিণটি। উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। পরবর্তীতে কুকরি-মুকরির ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন