বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্ল্যান বাস্তবায়ন করার যোগ্যতা এই সরকারের নেই: নাহিদ ইসলাম

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদের গোষ্ঠী আবারও নানা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে সবার আগে টার্গেট করা হবে আপনাদের, আমাদের এবং জুলাই আন্দোলনকে। তাই যেকোনো মূল্যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

বুধবার(৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বরিশাল জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, যারা নানা ‘ইঞ্জিনিয়ারিং’ বা চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারাও নতুন স্বৈরাচার হওয়ার অপচেষ্টায় লিপ্ত। ফলে আমাদের লড়াই এখন দ্বিমুখী—একদিকে বিগত স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যদিকে সামনে আসতে চাওয়া নতুন স্বৈরাচারের বিরুদ্ধে। এই আন্দোলন আগের চেয়েও অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং। এ জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, আমরা যদি মাঠে না থাকি, তাহলে এ দেশের মানুষ কার দিকে তাকাবে? মানুষ আজ এনসিপির দিকে আশা নিয়ে তাকিয়ে আছে। আপনারা যখন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তখন তারাও একই কথা বলছেন। নাহিদ ইসলাম আরও বলেন, এত রক্তের বিনিময়ে যে সংসদ অর্জিত হয়েছে, সেই সংসদকে আজ নানা উপায়ে অকার্যকর করার চক্রান্ত চলছে। জনমত ও গণরায়কে তোয়াক্কা না করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও তা না করে কেবল একটি সংশোধন কমিটি করা হয়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার গ্যাস, বিদ্যুৎ কিংবা সারের সংকটের কোনো স্থায়ী সমাধান করতে পারছে না। তারা বলেছিল, তাদের নাকি মাস্টারপ্ল্যান রয়েছে। অথচ এখন তারা বিরোধী দলের কাছে প্ল্যান চাইছে। বিরোধী দলের কাছেই যদি প্ল্যান চাইতে হয়, তাহলে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। কারণ আমরা পরিকল্পনা দিলেও তা বাস্তবায়ন করার মতো যোগ্যতা ও দক্ষতা এই সরকারের নেই। নিজেদের নেওয়া পরিকল্পনাগুলোই তারা ঠিকমতো বাস্তবায়ন করতে পারছে না।

তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। নদ-নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও সারের যে তীব্র সংকট তৈরি হয়েছে, তার স্থায়ী সমাধান করতে হবে।

এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জনগণের এসব ন্যায্য দাবি নিয়ে এনসিপিকে রাজপথে নেতৃত্ব দিতে হবে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে এবং তাদের ঐক্যবদ্ধ করতে হবে।

সভায় বরিশাল জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank