

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে- তা আপনারা নিজেরাও টের পাবেন না’।
ভাইবায় নম্বর বাড়ানো নিয়ে তিনি বলেন, আমরা বলে দিতে চাই- এরকম কাজ ভুলেও করতে যাবেন না। কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না। ফলে রাজনৈতিক কারণে এ ধরনের হুটহাট সিদ্ধান্ত নেবেন না। যদি আপনাদের কাছে এটা যথাযথ যুক্তি থাকে, তাহলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করুন, যৌক্তিক সংস্কার করুন। তা আমরাও চাই।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায়েএনসিপির শীর্ষ নেতা এসব কথা বলেন। জাতীয় ছাত্রশক্তি ববি শাখা এ সভার আয়োজন করে।
সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরির ভাইবা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন- ভাইবা মার্ক হচ্ছে দলীয় নিয়োগের সুযোগ। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইবার মার্ক ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর করা উচিত। আর তারা যখন সরকারে আসে, তখন উল্টো পথে যাচ্ছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮০-এর দশক নিয়ে একটা ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমরা মনে করি, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, এটা সবার প্রত্যাশা।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর অতিবাহিত হয়েছে। এ সময় জুড়ে অন্তর্বর্তী সরকার শেষে এখন নির্বাচিত সরকার রয়েছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতি কতটা পালন করতে পেরেছে, তা আপনারা বিচার করবেন।
ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব এসএম ওয়াহেদুর রহমানের সঞ্চালনায় এ সভা হয়। সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।

