শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে নির্মিত ২০০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকোর উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান।

শুক্রবার (৭ আগস্ট) লাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি খালের ওপর দীর্ঘদিন ধরে স্থায়ী সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, নারী, বৃদ্ধ ও কর্মজীবী মানুষের প্রতিদিনের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে প্রায় ২০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করেন। সাঁকো নির্মাণ শেষে শুক্রবার সকালে স্থানীয়দের উপস্থিতিতে পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান লাল ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সাঁকোটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই সাঁকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিজেদের উদ্যোগ ও অর্থায়নে নির্মিত এই সাঁকো এলাকার মানুষের পারাপার সহজ করবে। তবে তারা দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপও কামনা করেন।

এদিকে একটি বাঁশের সাঁকোতে লাল ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে স্থানীয় জনগণের উদ্যোগের প্রতি সম্মান প্রদর্শন হিসেবে দেখেছেন। আবার অনেকে বলছেন, একটি অস্থায়ী বাঁশের সাঁকো উদ্বোধনে এত আনুষ্ঠানিকতার প্রয়োজনীয়তা নিয়ে। ফলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায়ও আলোচনা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন