

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বান্দরবানের থানচি উপজেলার নাইন্দারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই অং প্রু মারমা কে অপহরণের অভিযোগ উঠেছে অস্ত্রধারী একটি দলের বিরুদ্ধে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে খুঁজতে থাকেন। পরে বিদ্যালয়ের পাশের একটি ছোট চায়ের দোকান থেকে তাঁর পরিচয় নিশ্চিত করে অস্ত্রের মুখে নৌকায় তুলে অজ্ঞাত স্থানের দিকে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উ নু থোয়াই মারমা জানান, অস্ত্রধারীরা প্রথমে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষককে খোঁজেন। সেখানে না পেয়ে পরে পাশের একটি চায়ের দোকানে গিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়। এরপর অস্ত্রের মুখে তাকে নৌকায় তুলে নিয়ে যায়। এসময় সহকারী শিক্ষক উ নু থোয়াই এর মুঠোফোনটিও নিয়ে যায়।
তবে কোন সশস্ত্র দল বা কী কারণে প্রধান শিক্ষককে নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
চাই অং প্রু মারমার পারিবারিক সূত্র জানায়, অপহরণের প্রায় এক ঘণ্টা পর তিনি তাঁর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন।
ঘটনার পর সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত প্রধান শিক্ষককে উদ্ধারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুপুর ১২টা দিকে একটি সশস্ত্র সন্ত্রাসী দল নাইদারি পাড়া স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষককে নৌকা যোগে সাঙ্গু নদীপথে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা অন্যান্য শিক্ষকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে এখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ গিয়েছে। উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে কি ঘটনা নিয়ে এই অপহরণ তা জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

