

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবানের থানচির কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ও সড়ক পর্যটকদের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন। ফলে দুর্গম পাহাড়ি অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে আবারও সেখানে যাওয়ার সুযোগ তৈরি হলো।
মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এসব পর্যটন এলাকা ও সড়ক উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
খুলে দেওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে থানচি উপজেলার তমাতুঙ্গী থেকে ২৪ কিলোমিটার দূরের তিন্দু পর্যন্ত সড়ক এবং তিন্দুমুখ থেকে নাফাখুম পর্যন্ত সড়ক ও পর্যটন এলাকা। পাশাপাশি রুমা উপজেলার কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া এবং রিজুক ঝরনা এলাকাও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তবে এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে পর্যটকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত এলাকায় নিরাপত্তাসংক্রান্ত সব বিধিনিষেধ ও প্রশাসনের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, জনস্বার্থ বিবেচনায় উপজেলার পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখেই এসব পর্যটনকেন্দ্র পরিচালনা করা হবে।
দীর্ঘ বিরতির পর পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার খবরে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। পর্যটননির্ভর এসব এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়লে গাইড, নৌকার মাঝি, হোটেল-রেস্তোরাঁসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের ব্যবসাও ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন স্থানীয়রা।
প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে বান্দরবানের দুর্গম পাহাড়ি পর্যটন এলাকাগুলোতে আবারও পর্যটকদের আনাগোনা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


