রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‎এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম
ফিরে আসা ফেরিতে উঠছেন এমপি হান্নান মাসউদ
expand
ফিরে আসা ফেরিতে উঠছেন এমপি হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি মহানন্দা মাঝপথ থেকে ঘুরিয়ে চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়েছে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহন করার জন্য।

ঘটনাটি শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটে। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন ফেরিটির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

‎স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

পরে মেঘনা নদীর মাঝপথ থেকে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। সেখানে এমপি তাঁর নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। এরপর ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

‎ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, ফেরির মাস্টার প্রথমে আমাকে জানান, ফেরি ছাড়বে না। পরে আবার বলেন, বিকেল সাড়ে ৩টায় ফেরি ছাড়বে। কিন্তু ছাড়ার প্রায় ২৩ মিনিট পর ফেরি আবার ফিরে আসে এমপি হান্নান মাসউদকে নিয়ে যাওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, ঘাট থেকে ছাড়ার অনেকক্ষণ পর হঠাৎ দেখি ফেরি ঘুরে যাচ্ছে। পরে চেয়ারম্যান ঘাটে ফিরে দেখি এমপি হান্নান মাসউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। ‎ তিনি আরও বলেন, এমন বৈরী আবহাওয়ায় একদিকে আমরা ভয়ের মধ্যে নদী পার হচ্ছি, অন্যদিকে একজন এমপির জন্য মাঝপথ থেকে ফেরি ফিরিয়ে আনা হয়েছে। ‎ ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার আনুমানিক ১০ মিনিট পর এমপির জন্য ফেরি ঘাটে ফিরে আসে। তিনি দাবি করেন, ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

‎ফেরি মহানন্দার মাস্টার নুরুল আমীন বলেন, আমি এত কিছু জানি না। ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ার আমাকে জানান, ঘাটে এমপি এসেছেন। ফেরি ঘুরিয়ে তাঁকে নিয়ে যেতে হবে। পরে আমরা ঘাটে ফিরে এমপিকে নিয়ে নলচিরা ঘাটে যাই।

‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য নির্ধারিত গন্তব্যে যাত্রারত ফেরিকে মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক। ‎ ‎এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে হান্নান মাসউদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এগুলো নিয়ে কোনো মন্তব্য নেই, চলুক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup