

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে হাতুড়ির আঘাতে শাকিল হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম (২৩)কে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই গ্রামের শাহজাহান পণ্ডিতের ছেলে। আটক সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের পণ্ডিত বাড়ির সামনে একটি পুরোনো কাছারি ঘরে বসে শাকিল ও তার বন্ধু সাইফুল লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাইফুল তার সঙ্গে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় পরপর আঘাত করেন। এতে শাকিল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর সাইফুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন।
পরে আহত শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানান, শাকিল ও সাইফুল দীর্ঘদিনের বন্ধু ছিলেন। তার দাবি, দুজনই মাদকসেবনের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, প্রাথমিকভাবে লুডু খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।