মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
expand
কুমিল্লায় সড়ক দুর্ঘটনা

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে ও ভোরে মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার খিলাবাজার এবং বিপুলাসার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাছিহাটা গ্রামের মৃত ননী মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬০) এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের তাসলিমা আক্তার (৪২)। তাসলিমা আক্তার ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবু জাফরের স্ত্রী।

লাকসাম হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে খিলাবাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাসলিমা আক্তারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এর আগে একই দিন ভোর পাঁচটার দিকে মহাসড়কের বিপুলাসার বাজারের অদূরে কাঁচি এলাকায় ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নিহত মোস্তফা কামালের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে খিলাবাজারে নিহত তাসলিমা আক্তারের মরদেহ স্বজনরা ঘটনাস্থল থেকেই নিয়ে যাওয়ায় পুলিশ সেটি জব্দ করতে পারেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup