

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নড়াইল সদর উপজেলার আলোচিত সেই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে বদলি করেছে মৎস্য অধিদপ্তর। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে খুলনার তেরখাদা উপজেলায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) নড়াইলের জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়েছে, নড়াইল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে একই পদে খুলনার তেরখাদায় পদায়ন করা হয়েছে। তার কাছে থাকা সব দায়িত্ব কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করে বুধবার (০৮ জুলাই) এর মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ জুন ‘অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে পেটানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে’ এবং ৩০ জুন ‘মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সেই ছাত্রদল নেতাকে পাল্টা মারধরের অভিযোগ’—শিরোনামে দুটি ঘটনা আলোচনায় আসে। এসব ঘটনার পর আবু রায়হান ছুটিতে ছিলেন।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২ জুলাই তার বদলির আদেশ জারি করা হয়। পরে সোমবার (০৬ জুলাই) তিনি খুলনার তেরখাদায় নতুন কর্মস্থলে যোগ দেন।
উল্লেখ্য, গত ২৮ জুন রাতে অফিস কক্ষে ঢুকে ভাঙচুর, সরকারি কাজে বাধা এবং মারধরের অভিযোগে ছাত্রদল নেতা মো. জিসানুর রহমানসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান।
অন্যদিকে, ৩০ জুন সংবাদ সম্মেলন করে জিসানুর রহমান অভিযোগ করেন, প্রদর্শনী বরাদ্দের নামে নেওয়া ঘুষের টাকা ফেরত চাইলে ক্ষিপ্ত হয়ে আবু রায়হান তাকে মারধর করেন এবং মিথ্যা মামলা দেন। তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন মৎস্য কর্মকর্তা আবু রায়হান।