

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামলার দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান।
শুনানি শেষে জেলা ও দায়রা জজ এনায়েতুল কবির তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অপর আসামি আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে তার কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়।
এ ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।