

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের তরুণদের কর্মসংস্থান নিয়ে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হচ্ছে, যেখানে চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না; বরং তরুণরা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে সরে এসে উৎপাদন ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। দেশীয় শিল্পের বিকাশ, বন্ধ ও রুগ্ন শিল্পকারখানার পুনরুজ্জীবন এবং নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে।
তিনি আরও বলেন, রপ্তানিমুখী ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যাতে তরুণরা শুধু চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে ভুল নীতি, অব্যবস্থাপনা ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি চাপে পড়ে। উৎপাদন ও বিনিয়োগ স্থবির হয়ে যায় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট তৈরি হয়।
তিনি বলেন, সরকার এই সংকটকে অস্বীকার করছে না, তবে এটিকে অজুহাত হিসেবেও ব্যবহার করবে না। জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর নীতির মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হবে।
প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর একটি রূপরেখা। উন্নয়ন ব্যয় বাড়িয়ে কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে এবং তরুণরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পায়।
অর্থনৈতিক কৌশল বাস্তবায়নে তিন ধাপের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রথম ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা হবে। দ্বিতীয় ধাপে রাজস্ব সংস্কার ও ব্যাংকিং খাত পুনর্গঠন এবং তৃতীয় ধাপে উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতির ভিত্তি শক্তিশালী করা হবে।
