

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৩৯ বছরের সোনালী কর্মজীবন শেষে রাজকীয় সম্মানে ফুলে সাজানো গাড়িতে করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সামচুন নাহার লাকীকে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ১৮ জুন) দুপুরে উপজেলা সদরের মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শহরের টিএন্ডটি এলাকার বাসায় শিক্ষিকা সামচুন নাহার লাকিকে পৌঁছে দেওয়া হয়।
বিদ্যালয়ের উদ্যোগে বিদায়ী শিক্ষিকার জন্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। শেষ কর্ম দিবসের দুপুরে বিদ্যালয়ের আঙ্গিনায় ভীড় জমিয়েছিলেন বর্তমান ও পুরোনো শিক্ষার্থীরা।
জানা যায়, সামচুন নাহার লাকি ১৯৮৭ সালের ১২ অক্টোবর মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর তিনি ১৯৯০ সালের ১৮ অক্টোবর সিপাহি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ১৯৯৩ সালের ১৬ এপ্রিল থেকে ২০২৬ সালের ২৩ মে পর্যন্ত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিন বছরের বেশি সময় তিনি এ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।
বিদায় উপলক্ষে এদিন বরযাত্রীর বরের গাড়ির মতো করে ফুল দিয়ে সাজানো হয় একটি গাড়ি। আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা বিভিন্ন উপহার তুলে দেন। ভারীবৃষ্টিতে ভিজে শিক্ষক, শিক্ষার্থীরা সাজানো গাড়ি দিয়ে বাড়ি পৌছিয়ে দেয়।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা বলেন, সামচুন নাহার লাকি ছিলেন অত্যন্ত রাগি ও শিশুদের প্রিয় লাকি আপা। তিনি শিক্ষকতায় পেশায় ছিলেন অনন্য ব্যক্তিত্বের অধিকারী। দীর্ঘ শিক্ষকতা জীবনে কখনো অনিয়মের সাথে আপোষ করেননি।
ডা: ফিরোজ আহমেদ প্রোপেন নামের বিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী বলেন, আমরা যখন স্কুলে ছিলাম ম্যাডাম ছিলেন আমাদের নয়নের মণি। ম্যাডাম অনেক শাসন করতেন, আবার আদরও করতেন। ম্যাডাম ছিল সবার প্রিয়। বিদায়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল। ওনার অবসর জীবন সুস্থতার সাথে কাটুক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল জান্নাত শ্যামা বলেন, লাকি আপা শুধু আমাদের সহকর্মীই ছিলেন না, তিনি ছিলেন আমাদের বড় বোনের মতো। কাল যখন বিদ্যালয়ে আসবো, অফিসে ক্লাসে আপাকে দেখতে পাবো না, তখন মন আরো খারাপ লাগবে। আপা একজন আপাদমস্তক শিক্ষক ও সংগঠক ছিলেন। তাকে অনেক মিস করবো। লাকি আপা ভালো থাকবেন। আমরা আপনাকে অনেক ভালোবাসি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক সুইটি শিরীনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার, জেলা মৎস্য জরিপ কমকর্তা ফারহানা আক্তার রুমা, মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো: ছরওয়ার জাহান, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবদুল হাই, মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার বকুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, মতলব প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, অভিভাবক সদস্য নাছির মিয়াজী প্রমুখ।