

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে এ টুর্নামেন্ট ঘিরে ভক্তদের মাঝে শুরু হয়ে গিয়েছে নানা আলোচনা ও ভবিষ্যদ্বাণী। সম্ভাব্য চ্যাম্পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ গোলদাতার নাম—সবকিছু নিয়েই চলছে তর্ক-বিতর্ক। এর মধ্যেই নিজের পছন্দের কথা জানিয়ে আলোচনায় এসেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমবাপ্পেকে বিভিন্ন ফুটবলারের মধ্যে তুলনা করে বেছে নিতে বলা হয়। জবাবে তিনি প্রথমে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে বেছে নেন। এরপর একে একে ফ্লোরিয়ান ভির্টজ, মেমফিস ডিপাই, মোহাম্মদ সালাহ ও আর্লিং হালান্ডের নাম নেন।
তবে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয় যখন তুলনায় আসে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে এমবাপ্পের পছন্দ রোনালদো। তাঁর বিশ্বাস, আসন্ন বিশ্বকাপে আর্জেন্টাইন মহাতারকা মেসির চেয়ে বেশি গোল করতে পারেন পর্তুগিজ অধিনায়ক।
মজার বিষয় হলো, ভিনিসিয়ুস ও মেসির মধ্যে বেছে নিতে হলে এমবাপ্পে মেসির পক্ষেই ছিলেন। কিন্তু রোনালদোর সঙ্গে তুলনা আসতেই বদলে যায় তাঁর সিদ্ধান্ত। আর শেষ পর্যন্ত নিজের সঙ্গে রোনালদোর তুলনা করা হলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকেই এগিয়ে রাখেন ফরাসি এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের মঞ্চে অবশ্য পরিসংখ্যানের বিচারে এগিয়ে মেসি। আর্জেন্টিনার হয়ে ২৬ ম্যাচে তাঁর গোল ১৩টি, সঙ্গে আছে ৮টি অ্যাসিস্ট। অন্যদিকে রোনালদো ২২টি বিশ্বকাপ ম্যাচে করেছেন ৮ গোল। তবে নকআউট পর্বে এখনো গোলের দেখা পাননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
মেসি ও রোনালদো দুজনই নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে বিরল এক অর্জন। অনেকের মতে, এটাই হতে পারে তাঁদের শেষ বিশ্বকাপ। তাই দুই কিংবদন্তিকে ঘিরে সমর্থকদের আগ্রহও অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি।
