

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুর জেলা যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে স্থান না পাওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাবেক জেলা আহ্বায়ক কমিটির সদস্য সুমন চৌধুরী।
দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ার, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং দলের দুঃসময়ে রাজপথে থাকা সত্ত্বেও কমিটিতে তাকে রাখা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বুধবার (১৭ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরে তিনি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে এর বিচার চান।
লাইভ ভিডিওতে সুমন চৌধুরী দাবি করেন, তিনি লক্ষ্মীপুর জেলা যুবদলের রাজনীতির সঙ্গে দীর্ঘ ১৭ বছর ধরে জড়িত ছিলেন। এই দীর্ঘ সময়ে হরতাল, অবরোধসহ দলের প্রতিটি কঠিন কর্মসূচিতে তিনি অগ্রভাগে ছিলেন। এমনকি পুলিশের ভয়ে নিজ বাড়িতে ঘুমানোর সুযোগ না থাকায় দিনের পর দিন মানবেতর জীবনযাপন করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
সুমনের ভাষ্যমতে, ‘আমি দলের জন্য ঘাম ঝরিয়েছি, রাজপথে গুলি খেয়েছি। আমার বাবা আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের প্রতি আমার নিবেদনের কথা জানতেন। আমাকে কমিটিতে মূল্যায়ন না করায় বাবা চরম মানসিক কষ্ট পেয়েছিলেন, যা তার স্ট্রোকের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আমার বাবা আজ বেঁচে নেই, কিন্তু আমার ওপর অবিচার করা হয়েছে।’
কমিটি থেকে বাদ পড়ার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ তাকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে তা প্রমাণ করা হোক। যদি প্রমাণ করতে পারেন আমি কোনো অন্যায় করেছি, তবে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নেব। কিন্তু কোনো কারণ ছাড়াই আমাকে কেন বাদ দেওয়া হলো, আমি তার জবাব চাই।’
নিজের রাজনৈতিক ক্যারিয়ারের সপক্ষে সাক্ষ্য হিসেবে তৎকালীন সিনিয়র নেতাদের কথা উল্লেখ করেন তিনি। সুমন আরও জানান, জেলা যুবদলের বর্তমান সভাপতি হুমায়ূন কবিরসহ স্থানীয় নেতাদের আহ্বানে তিনি সবসময় রাজপথে সক্রিয় ছিলেন।
রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় হরতাল-অবরোধে তার সক্রিয় অংশগ্রহণ ছিল দলের অনেকেরই জানা।
এ বিষয়ে তিনি লক্ষ্মীপুর জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বের কাছে ব্যাখ্যা চেয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি লক্ষ্মীপুর জেলা যুবদলের ১০১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পদবঞ্চিত হওয়ার পর থেকে জেলা যুবদলের তৃণমূল পর্যায়ে এ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।