বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১২:০২ পিএম আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:২৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তথ্য দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুল বা অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশির বেসরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা এক নোটিশে এই নির্দেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মাউশির সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন।

নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে এমপিওভুক্ত বেতন-ভাতা স্থগিতের সুপারিশ করা হতে পারে।

মাউশি জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দেওয়া তথ্য যাচাই করতে দেশের আঞ্চলিক কার্যালয়গুলোকে শূন্যপদের তথ্য পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। যাচাই শেষে বেশ কিছু প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়।

প্রতিবেদনে দেখা গেছে, ২৩৭টি পদে ভুল চাহিদা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অনুমোদিত কাঠামোর বাইরে পদ চাওয়া, প্রয়োজনীয় শিক্ষার্থী না থাকা সত্ত্বেও শিক্ষক চাহিদা দেওয়া, ভুল তথ্য প্রদান, মামলা চলমান থাকা পদে চাহিদা দেখানো এবং যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য না দেওয়ার মতো বিষয়।

মাউশির নোটিশে বলা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কেন প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে এমপিও স্থগিত বা বাতিলের ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ মতামত জানাতেও বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জবাব পাঠাতে হবে। ব্যাখ্যা পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মাউশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Argentina
Scheduled
16 Jul, 01:00 AM
VS
World Cup