

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো। ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করবো।
শনিবার (১৬ মে) বিকাল পৌঁনে চারটায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণ করতে চাই। এটা শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এ সেতু হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।
সেতু নির্মাণ নিয়ে নানা আলোচনা চলছে উল্লেখ করে মিল্লাত বলেন, অনেকে চাচ্ছে সেতুটি অন্য রুটে যাক, কেউ মাদারগঞ্জ হয়ে নেওয়ারও চেষ্টা করছে। সেখানে হলে কিছুটা পথ কম হয়। কিন্তু আমি চাই বালাসী-বাহাদুরাবাদ দিয়েই সেতু হোক। এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় তিনি স্থানীয়দের কাছে দোয়া কামনা করে বলেন, আপনারা দোয়া করবেন। যারা নামাজ পড়েন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, মা-বোনরা আছেন সবাই দোয়া করবেন। দোয়া অনেক বড় শক্তি। আল্লাহর রহমতে আমরা এলাকার উন্নয়নে বড় বড় কাজ করতে পারবো।
এছাড়া বালাসী থেকে রাজিবপুর পর্যন্ত সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখান থেকে রাজিবপুর পর্যন্ত যাতে বড় দুই লেনের রাস্তা হয় এবং মানুষ ঠিকমতো চলাচল করতে পারে, সেই কাজও করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার ওপর ভরসা রাখেন। আল্লাহর ওপর আস্থা রেখে আমার ওপরও আস্থা রাখেন। আমি প্রত্যেকটি কাজ খুঁজে খুঁজে করার চেষ্টা করছি। দেশে-বিদেশে অনেক দায়িত্ব পালন করতে হয়, তারপরও এলাকার উন্নয়ন নিয়েই ভাবছি।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগের কথা তুলে ধরে মিল্লাত বলেন, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।