শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে এই উদ্যোগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১০:১৪ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
expand
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে দুই সহস্রাধিক নারীর মাঝে ফ্যামিলি কার্ড ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে ভাতুরিয়া স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের সঙ্গে একযোগে এই মানবিক কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২টি উপকারভোগী পরিবারের সদস্যদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পৌঁছে যায়। টাকা পাওয়ার খবরে উপস্থিত নারীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

পরে মাঠ পর্যায়ে নির্বাচিত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান অবহেলিত ও পিছিয়ে পড়া নারীদের পাশে দাঁড়িয়ে যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তা গ্রামীণ অর্থনীতি ও নারী ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রাখবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “এই সহায়তা শুধু অর্থ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি নারীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পরিবারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন