

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার আয়োজনে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল)-এ আয়োজিত এ শিক্ষা শিবিরে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কাজ, আদর্শ পরিবার গঠন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেন, “আনুগত্য, পরামর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাই ইসলামী আন্দোলনের মূল শক্তি।” তিনি বলেন, আধুনিক বিশ্বব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী আন্দোলনের কর্মীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে দাওয়াতি কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি ও ইতিবাচক যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে কুরআন-সুন্নাহভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত কল্যাণ সম্ভব নয়। দেশ ও জাতির কল্যাণে সততা, আদর্শিক দৃঢ়তা ও ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আমিরে জামায়াতের সাম্প্রতিক জাপান সফরের প্রসঙ্গ টেনে মোবারক হোসেন বলেন, বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য জাপান সরকারের উচ্চপর্যায়ে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন খাতের উন্নয়নে জাপান সরকার একটি টেকনিক্যাল টিম পাঠাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশের বর্তমান বাজার পরিস্থিতি, চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে দোকানের ভাড়া ৭-৮ হাজার টাকা হওয়ার কথা, সেখানে ১ লাখ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।” পাইকারি ও খুচরা বাজারের মূল্য ব্যবধান তুলে ধরে তিনি অভিযোগ করেন, বাজার মনিটরিংয়ের অভাবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
অর্থনীতি ও আসন্ন বাজেট প্রসঙ্গে মোবারক হোসেন বলেন, সিন্ডিকেট, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। তিনি দাবি করেন, আওয়ামী সরকারের সর্বশেষ সাড়ে আট লাখ কোটি টাকার বাজেটের বড় অংশ অপচয় ও দুর্নীতির মাধ্যমে লোপাট হয়েছে। বাজেট ছোট হলেও যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ বলেন, আদর্শ পরিবার গঠনের মাধ্যমেই সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব। পরিবারকে মানবিক ও নৈতিক শিক্ষার প্রথম প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক পারিবারিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
অপর বিশেষ অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও অঞ্চল সহকারী পরিচালক আবু সাদিক বলেন, ইসলামী রাষ্ট্রই প্রকৃত কল্যাণ রাষ্ট্র, যেখানে মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংগঠনের রুকনদের আদর্শিক ও সাংগঠনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই এ শিক্ষা শিবিরের মূল লক্ষ্য।
শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন যশোর এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মনিরুল ইসলাম, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রাশিদুজ্জামান রতন, জেলা কর্মপরিষদের সদস্য আবুল হাশেম রেজাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।