

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে মাছঘাটের আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রাব্বি (২২), ফরহাদ (২৭), সুমন (৩০) ও দেলোয়ার (৩২) গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা শফি উদ্দিন অভিযোগ করেন, একই ইউনিয়নের বিএনপি নেতা ফারুক সরদার, যুবদল নেতা আবুল কালাম আজাদ (বলি) ও তারেক সরদারের নেতৃত্বে শতাধিক বহিরাগত লোক মাছঘাট দখলের উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এতে রাব্বি ও ফরহাদসহ অন্তত আটজন আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সহ-সভাপতি ফারুক সরদার বলেন, গত ১৭ বছর ধরে আমি ও কয়েকজন মিলে যৌথভাবে ঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যে মারামারি করেছে। পরে আমাদের ওপরও হামলা চালানো হয়। এতে আমাদের পক্ষের দেলোয়ার ও সুমন আহত হয়েছেন।
এদিকে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ (বলি) বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বরং আমি মারামারি থামানোর চেষ্টা করেছি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান।
শফি সরদার উত্তর চরবংশী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এবং মহিউদ্দিন গাজী একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে ফারুক সরদার একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং আবুল কালাম আজাদ (বলি) উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি।
উল্লেখ্য, এর আগে গত ৭ এপ্রিল ২০২৫ উপজেলার উত্তর চরবংশীর মালেক খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে স্পেনপ্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নিহত হন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।