শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ার পথসভায় প্রধানমন্ত্রী, বরণ করে নিল হাজারো জনতা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:৪১ পিএম আপডেট : ১৬ মে ২০২৬, ০১:৫৪ পিএম
কুমিল্লার বরুড়ায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
expand
কুমিল্লার বরুড়ায় পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় পথসভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে দেখতে এবং বক্তব্য শুনতে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হন হাজারো মানুষ। প্রখর রোদ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের।

শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়।

এর কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর সভাস্থলে পৌঁছায়। মাঠজুড়ে তখন স্লোগান, ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দাউদকান্দি থেকে বরুড়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা যায়। অনেকেই ফুল ছিটিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান।

যাত্রাপথে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিও করেন তিনি। সেখানে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী তাঁর গাড়িবহরে যোগ দেন।

পথসভায় গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কয়েকজন নেতাও বক্তব্য রাখেন। সমাবেশস্থলটি গণপূর্তমন্ত্রীর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় আয়োজনেও ছিল বাড়তি প্রস্তুতি।

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সুযোগ পেলে কুমিল্লা অঞ্চলের বিভিন্ন উন্নয়ন দাবিও তার কাছে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন স্থানে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি দেখা যায় পুরো এলাকায়। তবে সমাবেশে বিপুল মানুষের উপস্থিতির কারণে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কয়েকটি অংশে ধীরগতির যান চলাচল ও সাময়িক যানজটের সৃষ্টি হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন