

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে সংবাদ সম্মেলন করে উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রায়পুর পৌর বিএনপির সাবেক সদস্য মো. সেলিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন আহাম্মদ উল্যা নামের এক ব্যক্তি।
শুক্রবার বিকেলে রায়পুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে।
আহাম্মদ উল্যা বলেন, সেলিম তার মেয়েকে আমার নাতির সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমার নাতি বিদেশফেরত ও উচ্চশিক্ষিত। কিন্তু সেলিম নেশাগ্রস্ত হওয়ায় আমরা ওই প্রস্তাবে রাজি হইনি। এরপর থেকেই সে আমাদের সঙ্গে একের পর এক ঝামেলা সৃষ্টি করে আসছে।
তিনি আরও বলেন, সেলিমদের কাছ থেকে জমি ক্রয় করে আমরা বাড়ি নির্মাণ করেছি। আগে থেকেই গোসলের পানি যাওয়ার একটি লাইন ছিল। এখন সেলিম সেই পানির লাইন বন্ধ করে দিয়েছে। বিভিন্ন মাধ্যমে সে আমাদের কাছে এক লাখ টাকা দাবি করছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী পরিবার সেলিমের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে মো. সেলিম বলেন, তার অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। বরং ওই প্রবাসী পরিবারই আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি। আর আমার জায়গা দিয়ে তাকে কেন পানির লাইন দিতে হবে? বিষয়টি নিয়ে বসার চেষ্টা করা হলেও তারা আলোচনায় রাজি হয়নি।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।