

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে বিপুলসংখ্যক ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে। এর ফলে এসব ব্যক্তির যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনের সুযোগ হারিয়েছে।
সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের দাবি, গত বছর ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান শুরু হয়েছে, ভিসা বাতিলের এই কার্যক্রম তারই অংশ। এই অভিযানের আওতায় বৈধ ভিসাধারীসহ উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসাধারীদের নিয়মিত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়া ব্যক্তিরা যেন ভিসার শর্ত মেনে চলেন এবং দেশটির নাগরিকদের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি না করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলা, মাদকসংক্রান্ত অপরাধ, চুরি এবং মাতাল অবস্থায় গাড়ি চালানোর মতো কর্মকাণ্ড ভিসা বাতিলের উল্লেখযোগ্য কারণ হিসেবে উঠে এসেছে।
এ ছাড়া উত্তর আফ্রিকার একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর অভিযোগে ১০০টির বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। এসব দম্পতির বিরুদ্ধে অভিযোগ, সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে তারা যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে সন্তান জন্মের মাধ্যমে মার্কিন নাগরিকত্ব পায়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারেন এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুবিধা। এই সুবিধার অপব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, এক লাখেরও বেশি ভিসা বাতিল করা হয়েছে। সে সময়ের হিসাবে সেটিই ছিল ভিসা বাতিলের রেকর্ডসংখ্যা।
সূত্র: আল জাজিরা

