মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমিররাও ভাগ খায়’ পোস্টের পর ক্ষমা চাইলেন জামায়াতের দুই নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৮:২৪ এএম
জামায়াত নেতা মো. মাহবুব আলম ও শইমী ইমরান হিকিম।
expand
জামায়াত নেতা মো. মাহবুব আলম ও শইমী ইমরান হিকিম।

দলীয় নেতৃত্বকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলা জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতা। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তারা ফেসবুক পোস্ট মুছে দিয়ে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

সোমবার (১০ আগস্ট) নিজ নিজ ফেসবুক আইডিতে ক্ষমা প্রার্থনা করেন রৌমারী উপজেলা জামায়াতের ‘আবু সাঈদ ইউনিট’-এর সভাপতি মো. মাহবুব আলম ও সাধারণ সম্পাদক শইমী ইমরান হিকিম।

এর আগে রোববার শইমী ইমরান হিকিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছিলেন, ‘আমিররাও ভাগ খায়; ভাগ পায়...’। একই পোস্টে উপজেলা জামায়াতের আমির হায়দার আলীকে উদ্দেশ্য করে সমালোচনামূলক মন্তব্য করেন ইউনিট সভাপতি মাহবুব আলম।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর দুই নেতা তাদের পোস্ট ও মন্তব্য মুছে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চান।

ক্ষমা চেয়ে শইমী ইমরান হিকিম লিখেছেন, তার পোস্ট উপজেলা আমিরকে উদ্দেশ্য করে লেখা হয়নি। তবে মন্তব্যের কারণে ভিন্ন বার্তা গেছে। এ জন্য তিনি সংগঠনের আমিরসহ সব নেতাকর্মীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেছেন।

অন্যদিকে মাহবুব আলম তার পোস্টে বলেন, তার মন্তব্যের ভাষা ও শব্দচয়ন দলীয় আদর্শ এবং ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কষ্ট পেয়েছেন উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমা চান।

এ বিষয়ে রৌমারী উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী বলেন, রাতে তারা সরাসরি আমার কাছে এসে মাফ চেয়েছিল। পরে দেখলাম, তাদের ফেসবুকেও ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছে।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন বলেন, শুনেছি, তারা ফেসবুক পোস্ট ডিলিট করে ভুল স্বীকার ও ক্ষমা চেয়েছেন। এরপরও কীসের ভিত্তিতে তারা এ ধরনের কথা লিখেছেন, তা আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখে পদক্ষেপ নেব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন