সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১১:১৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি ‘উইডমাউথ-২’ নামে একটি বড় দাবানল নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হচ্ছিল। যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের হয়ে হেলিকপ্টারটি পরিচালনা করছিল হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিসেস। নিহত দুজনের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণের কাজ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। দুর্গম পাহাড়ি এলাকা ও তীব্র আগুনের কারণে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। শনিবার তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর আবারও দাবানল নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে। আগুনের কারণে আশপাশের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকটি সড়কও বন্ধ রাখা হয়েছে।

‘উইডমাউথ-২’ দাবানলটি গত ২৭ জুলাই বজ্রপাত থেকে শুরু হয়। এরপর আগুন ছড়িয়ে ১ লাখ ১১ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। শনিবার পর্যন্ত আগুনের মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

দাবানল এখনো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের এলাকাগুলোও ঝুঁকিতে রয়েছে। ইউটাহর গভর্নর স্পেন্সার কক্স নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চলতি গ্রীষ্মে ইউটাহতে দাবানল নিয়ন্ত্রণের সময় এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। জুনেও দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে তিন দমকলকর্মী নিহত হন। পরে ওই ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়।

সূত্র: আল জাজিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন