সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে আগুনে পুড়ে নিহত ১০ বাংলাদেশি একই জেলার

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০১:২৬ এএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০১:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময় রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪) , উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজ রাত সাড়ে ১২ টার দিকে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাদের নিজ নিজ গ্রাম ও পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

আত্রাই উপজেলায় এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের প্রকৃত সংখ্যা ও পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই চলছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মধ্যে উপজেলার গণ্ডগোহালি গ্রামের চারজন, বিষা গ্রামের দুইজন এবং পারকাসুন্দা গ্রামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তিনি বলেন, “নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর নিহতদের পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।”

এদিকে সৌদি আরবে কর্মরত নওগাঁর প্রবাসীদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন