সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে রাজধানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৫৩ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট সড়কে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন (৪০) নামে এক পথচারীসহ আহত হয়েছেন কয়েকজন।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রমনা মডেল থানাধীন মগবাজার ওয়্যারলেস গেট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ (৪২) ও একই গ্রামের লিয়াকত ফকিরের ছেলে রিয়াদ হোসেন (২২)।

গুরুতর আহত রিপন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গলতলী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা পথচারী হারুন-অর-রশিদ ও মোহাম্মদ আনোয়ার জানান, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে মগবাজার ওয়্যারলেস সড়কে নামার পর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে জামান, রিয়াদ ও পথচারী রিপনসহ আরও কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে রাতে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়াদকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহেদুল ইসলাম বলেন, মৌচাক-মালিবাগ ফ্লাইওভার থেকে একটি কাভার্ডভ্যান মগবাজার ওয়্যারলেস সড়ক দিয়ে মালিবাগগামী ছিল। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন