

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ অপেক্ষার পর আজ সোমবার (১০ আগস্ট) প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সকাল ১০টার পর শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের অপেক্ষার অবসান হচ্ছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এসএমএসে যেভাবে ফল জানা যাবে
মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর> লিখে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
অনলাইনেও ফল দেখা যাবে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য, বিশেষ করে রোল নম্বর, দিয়ে ফল সংগ্রহ করতে পারবে।
প্রতিষ্ঠান থেকেও পাওয়া যাবে ফল
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফল অনলাইনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে বলা হয়েছে। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে।
কত শিক্ষার্থী কোন পরীক্ষায়
এবার সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। তবে এবার নির্ধারিত সময়ের তুলনায় ফল প্রকাশে কিছুটা বেশি সময় লেগেছে। এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হলেও অনিবার্য কারণে তখন ফল প্রকাশ করা সম্ভব হয়নি। পরে নতুন তারিখ নির্ধারণ করা হয়।