

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। একদিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে হোয়াইট হাউজে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
একই সময়ে লোহিত সাগরে জ্বালানি পরিবহন নির্বিঘ্ন রাখতে ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করেছে চীন।
বুধবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে। এ দফায় আটটি তেলবাহী জাহাজ ও ১০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের তেল বাণিজ্য থেকে আসা অর্থের প্রবাহ কমানো, যা তেহরানের অস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত হয়।
এই পদক্ষেপ এমন সময়ে এলো, যখন সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হয়েছে।
এদিকে, ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজ। একটি জ্যেষ্ঠ ইসরায়েলি কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইরানের অবশিষ্ট ক্ষেপণাস্ত্রের সংখ্যা, মোজতবা খামেনির অবস্থান এবং পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনার কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে, লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চীনা তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে বেইজিং। ছয়টি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের বন্দরসংশ্লিষ্ট জাহাজে হামলার হুমকির পর চীন নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা চেয়েছিল।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০ জুলাই হুথিদের নতুন বিধিনিষেধ ঘোষণার পর সৌদি আরব থেকে চীনের উদ্দেশে বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে অপরিশোধিত তেল বহনকারী অন্তত চারটি ট্যাংকার। প্রতিটি যাত্রার আগে হুথিদের সঙ্গে পৃথকভাবে সমন্বয় করা হয়। আঞ্চলিক দুই কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যবস্থার বিষয়ে ইরানকেও অবহিত করা হয়েছিল।