

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। জেলার কাবাল থানার প্রধান ফটকের সামনে এ হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) জানান, থানার প্রবেশমুখে দায়িত্বরত পুলিশ সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করে। তখন ওই ব্যক্তি নিজের শরীরে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটান।
ডিপিও বলেন, প্রাথমিকভাবে সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনার আলামত সংগ্রহে তদন্ত চলছে।
সোয়াত উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বড় জনসমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। শক্তিশালী বিস্ফোরণে হতাহতের পর পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের চিকিৎসার জন্য সাইদু শরিফ টিচিং হাসপাতালে নেওয়া হয়েছে। একইসঙ্গে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।
হামলার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ডন