মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জানালেন চীনা বিজ্ঞানীরা

পৃথিবীর দিকে ধেয়ে আসা বিধ্বংসী গ্রহাণু ঠেকানো হবে যেভাবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পৃথিবীর সঙ্গে বিধ্বংসী কোনো গ্রহাণুর সংঘর্ষ এড়ানোর সবচেয়ে কার্যকর পদ্ধতি খুঁজে পাওয়ার দাবি করেছেন চীনের একদল বিজ্ঞানী। তাদের মতে, গ্রহাণুর ভেতরে গভীর গর্ত করে সেখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটালে তা গ্রহাণুটিকে ধ্বংস বা নিরাপদে সরিয়ে দিতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকীতে। গবেষকদের মতে, অতীতে বড় গ্রহাণুর আঘাতে পৃথিবীতে ব্যাপক পরিবেশগত পরিবর্তন ঘটেছে। বর্তমানে পৃথিবীর কাছাকাছি থাকা অনেক বড় গ্রহাণু এখনো শনাক্তই হয়নি। অনেক ক্ষেত্রে সম্ভাব্য সংঘর্ষের আগে মাত্র কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সতর্কতার সময় পাওয়া যায়।

বর্তমানে ছোট গ্রহাণুর ক্ষেত্রে নাসার ডার্ট মিশন পদ্ধতি অবলম্বন করা হয় যেখানে ধাক্কা দিয়ে গতিপথ পরিবর্তনের চেষ্টা করা হয়। তবে শত শত মিটার আকারের বড় গ্রহাণুর ক্ষেত্রে এ কৌশল যথেষ্ট কার্যকর নাও হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণায় বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতির কম্পিউটার সিমুলেশন করেছেন, যেখানে একটি মহাকাশযান প্রথমে গ্রহাণুর ভেতরে গভীর গর্ত তৈরি করবে। এরপর সেই গর্তে একটি পারমাণবিক বিস্ফোরক স্থাপন করে বিস্ফোরণ ঘটানো হবে।

সিমুলেশনের ফলাফলে দেখা গেছে, হিরোশিমায় নিক্ষেপ করা পারমাণবিক বোমার প্রায় ২০০ গুণ শক্তির একটি বিস্ফোরণ প্রায় ১০০ মিটারের একটি গ্রহাণুকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে।

এছাড়া, গ্রহাণুর পৃষ্ঠের প্রায় ৩০ মিটার গভীরে বোমা বিস্ফোরণ ঘটালে এটির গতিবেগ পরিবর্তনের কার্যকারিতা প্রায় তিন গুণ বেড়ে যায়। এক কিলোমিটার আকারের গ্রহাণুর ক্ষেত্রে ২০ মিটার গভীরে বিস্ফোরণ ঘটালে সেটিকে পৃথিবী থেকে প্রতি সেকেন্ডে ৩০ সেন্টিমিটারেরও বেশি বেগে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হতে পারে।

গবেষকদের মতে, পৃথিবীর দিকে ধেয়ে আসা বড় আকারের গ্রহাণু মোকাবিলায় ভবিষ্যৎ প্রতিরক্ষা পরিকল্পনা ও প্রযুক্তি উন্নয়নে এ গবেষণা গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। তবে এটি এখনো তাত্ত্বিক গবেষণা, বাস্তবে এ পদ্ধতি এখনো পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়নি।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন